
ছবির ক্যাপশনঃ
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: ১১ অক্টোবর, ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী মোটর শ্রমিকের মাঝে পূজার উপহারসামগ্রী বিতরণ করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে জয়পুরহাট শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা শিপলু এবং জেলা কৃষকদলের সদস্যসচিব মনজুরে মওলা পলাশসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা।
আয়োজকরা জানান, শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এবং শ্রমিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপহারসামগ্রী পেয়ে শ্রমিকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে শ্রমজীবী মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
























