
ছবিঃ সীমান্তের আওয়াজ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: ১৭ মে ২০২৬
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দিনেদুপুরে এক ধান ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ ৬ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (১৭ মে) উপজেলার আলমপুর গ্রামে সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ধান ব্যবসায়ী এম এম হিরো সরকার ওই এলাকার আব্দুল হামিদ সরকারের ছেলে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, সকালে পরিবারের সদস্যরা প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যান। এ সুযোগে সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা ছাদের সিড়ির ঘরের ফুটা দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের আলমারি ও বিভিন্ন আসবাবপত্র তছনছ করে নগদ ৬ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া ঘরে থাকা অন্যান্য মূল্যবান মালামালও চুরি হয়েছে বলে জানান বাড়ির মালিক।
ভুক্তভোগী এম এম হিরো সরকার বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা সবকিছু তছনছ করেছে। নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দিনেদুপুরে এমন চুরির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। পরে বিষয়টি ক্ষেতলাল থানা পুলিশকে জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্যস্ত সময়ে বাড়িতে চুরির এমন ঘটনা এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















