
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১৯ মে ২০২৬
জয়পুরহাটে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা ২০২৬” এর উদ্বোধন করা হয়েছে। ১৯ থেকে ২১ মে অনুষ্ঠিতব্য এ মেলার উদ্বোধন করেন জয়পুরহাটের মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আল-মামুন মিয়া। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব মোঃ মাসুদ রানা প্রধানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব বিপুল কুমার এবং জয়পুরহাট সদরের সহকারী কমিশনার (ভূমি) জনাব রাজিব কুমার বিশ্বাস। এসময় তারা ভূমি সেবা বিষয়ক বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
মেলায় অংশ নেওয়া পামডো’র স্টলটি দর্শনার্থীদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ভূমি অধিকার, ভূমি আইন ও সেবা সংক্রান্ত নানা তথ্য-উপাত্তভিত্তিক প্রকাশনা নিয়ে সাজানো স্টলটি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানান।
পামডো কর্তৃপক্ষ জানায়, অল্প সময়ের মধ্যে স্টল প্রস্তুত করতে উন্নয়ন সহযোগী এএলআরডি ভূমি সংক্রান্ত বিপুল তথ্যসমৃদ্ধ প্রকাশনা সরবরাহ করে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে। এ সহযোগিতার জন্য পামডো কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
মেলায় ভূমি সংক্রান্ত আধুনিক ও ডিজিটাল সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সহজে সেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।





















