
ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: রবিবার, ৩১ মে ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়েছে।
শনিবার সকালে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, আহ্বায়ক কমিটির সদস্য আলী হাসান মুক্তা, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি গোলাম মাহফুজ শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকাতেও বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী দোয়া মাহফিল, আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে।




















