
ছবিঃ জয়পুর কণ্ঠ
মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি, (জয়পুরহাট) প্রতিনিধি: ১৭ জুন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আয়মারসুলপুর আদিবাসী পল্লীতে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদক চাষ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল রোশকা মাহাতোর ছেলে রবিন মাহাতো ওরফে চয়ন (৪০)-এর বিরুদ্ধে। সম্প্রতি তার বাড়িতে গাঁজা চাষ করা হচ্ছে বলে পুলিশের কাছে গোপন তথ্য আসে। তথ্যের সত্যতা যাচাই করে জেলা পুলিশের নির্দেশনায় পাঁচবিবি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
বুধবার দুপুরে পুলিশের একটি দল আয়মারসুলপুর আদিবাসী পল্লীতে চয়নের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনায় লাগানো অবস্থায় প্রায় ৩ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত চয়ন দ্রুত বাড়ি থেকে পালিয়ে যান।
পুলিশ উদ্ধারকৃত গাঁজার গাছ জব্দ করে থানায় নিয়ে আসে এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। স্থানীয়দের মতে, এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ দমনে পুলিশের এমন অভিযান ইতিবাচক ভূমিকা রাখবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সহায়তা করবে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, জেলা পুলিশ সুপার সাহনাজ বেগমের দিকনির্দেশনায় উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।























