
ছবিঃ সীমান্তের আওয়াজ
মো. সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১৮ জুলাই ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রশিদা বেগমের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউনিয়নের কয়েকজন সদস্য ও স্থানীয় বাসিন্দারা এসব অভিযোগ তুলে প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, ভিজিএফ, টিসিবি, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতার সুবিধাভোগী নির্বাচন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হয়েছে। এছাড়া নদী সংস্কার, ড্রেন নির্মাণ ও ঈদগাহ মাঠ উন্নয়ন প্রকল্পেও বরাদ্দের যথাযথ ব্যবহার হয়নি বলে অভিযোগকারীদের দাবি। এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান রশিদা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো অনিয়ম করিনি। আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।”
স্থানীয়রা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।























