
ছবিঃ সীমান্তের আওয়াজ
বগুড়া প্রতিনিধিঃ ২২ জুলাই ২০২৬
বগুড়া মহানগরে বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের জাল নোটসহ মো. রফিকুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২২ জুলাই) জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জজ কোর্ট চত্বরে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট, যার মোট মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা, উদ্ধার করা হয়। জব্দকৃত জাল নোটগুলো আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলাম নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের মৃত/মো. ছলিম উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি জাল নোট চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগেও একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে জাল টাকা ও চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি জাল নোট সরবরাহ ও বিপণনের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।























