
ছবিঃ সীমান্তের আওয়াজ
মিজানুর রহমান (বগুড়া ) প্রতিনিধি: ১১ জুলাই ২০২৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলা মডেল মসজিদে কর্মরত কেয়ারটেকার ও শিবগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমিরের বিরুদ্ধে ইসলামী ফাউন্ডেশনের (ইফা) চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেন, শিক্ষকদের সাথে অসদাচরণ এবং মসজিদকে দলীয় কাজে ব্যবহারের অভিযোগে তাকে অবশেষে বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, মডেল মসজিদের ওই কেয়ারটেকার দায়িত্বে থাকাকালীন ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন শিক্ষক ও মক্তব পরিচালনার সাথে যুক্ত ব্যক্তিদের সাথে নিয়মিত অসদাচরণ করতেন। কেন্দ্র পরিদর্শনের সময় ছাত্রছাত্রী অনুপস্থিত থাকার অজুহাতে তিনি অশালীন ভাষা ব্যবহার ও হয়রানি করতেন। এছাড়া তার বিরুদ্ধে ইফার চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা লেনদেনের গুরুতর অভিযোগ ওঠে।
পাশাপাশি, তিনি নিজেই শিবগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে থেকে সরকারি এই মডেল মসজিদকে নিয়মিত জামায়াতের ঘরোয়া রাজনৈতিক প্রোগ্রাম পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিলেন। এসব অনিয়ম, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ এবং ভুক্তভোগীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত দরখাস্ত বা অভিযোগ দেওয়ার পর প্রশাসন এই কঠোর সিদ্ধান্ত নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে আমি অবগত নই। বরখাস্ত করা হয়েছে কিনা তা আমি জানিনা, তবে জেনে জানানো হবে।
এ বিষয়ে অভিযুক্ত একরামুল হক বাবু এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তবে ফোনে কথা না বলে সরাসরি সাক্ষাৎ করেন আমারও আরো কথা আছে।
অবশেষে অভিযোগের সত্যতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে কেয়ারটেকারের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। এই পদক্ষেপে স্থানীয় শিক্ষক, সচেতন মহল ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।



























