
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টার: ২৩ আগস্ট ২০২৬
বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সোনাতলা উপজেলার গড়ফতেপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সেলিম (৩০), পিতা রফিকুল ইসলাম এবং মো. আতিক হাসান (২৮), পিতা মো. তসলিম উদ্দিন। তারা দুজনই গড়ফতেপুর এলাকার বাসিন্দা।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম গাঁজা ও এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতে প্রথম আসামি মো. সেলিমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং দ্বিতীয় আসামি মো. আতিক হাসানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


























