
ছবির ক্যাপশনঃ
পাঁচবিবি থেকে আকতার হোসেন বকুলঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য, একাধিক রাজনৈতিক মিথ্যা মামলায় কারা নির্যাতিত নেতা অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান প্রার্থীতার আগ্রহ প্রকাশ করেছেন।
প্রার্থিতা ঘোষণার আগে ইউনিয়নের সর্বস্তরের জনগণের মতামত গ্রহণ করার লক্ষ্যে তিনি আগামীকাল বৃহস্পতিবার কুসুম্বা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক সাধারণ মতবিনিময় সভার আয়োজন করেছেন। ইতিমধ্যেই তার দলীয় কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং মাইকিং করে ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় প্রচার করছেন।
এ বিষয়ে তার একান্ত রাজনৈতিক সহচর প্রভাষক সাইদুর রহমান ও শামীম হোসেন বাবু বলেন, “যে ব্যক্তি দীর্ঘ ১৭ বছর বিএনপি করার অপরাধে এত ত্যাগ, কষ্ট, নির্যাতন, মিথ্যা মামলা, কারাবাস এবং গুমের শিকার হলেন, আজ তার অবস্থান কোথায়? দলীয় পরিচয়টুকুও তিনি ঠিকভাবে পাচ্ছেন না। বাড়ির পাশে নিজ উদ্যোগে যে শালাইপুর স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, সেখানেই অধ্যক্ষ হিসেবেই শুধু আছেন। তারা আরও বলেন, “আমরা দলের সর্বোচ্চ শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই ত্যাগী নেতাকে আগামীতে যথাযথ মূল্যায়ন করা হয়।”
এ বিষয়ে অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল বলেন, “শুধু বিএনপি করার অপরাধে বিগত সরকার আমলে আমার ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তা তৃণমূল থেকে কেন্দ্রের হাইকমান্ড সবাই জানেন। এত মামলা, কারাবরণ, নির্যাতন, অর্থনৈতিক ক্ষতি, বাড়ি ছাড়া যাযাবর জীবনযাপন এবং গুমের শিকার হয়েছি। একাধিক মামলা মাথায় নিয়ে এখনও আদালতের বারান্দায় ঘুরছি। তিনি আরও বলেন, “আমি দলের হাইকমান্ডসহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ করবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি করার কারণে আমি যদি এত নিষ্পেষিত ও ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, দল যেন আমাকে অবশ্যই আগামীতে মূল্যায়ন করে।”
তিনি আরো বলেন, “যেহেতু আমি কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলাম, আগামীতেও আবার চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। এজন্য ইউনিয়নবাসীকে নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করেছি। আশা করবো আগামীকালের এই সভায় দল-মত নির্বিশেষে সকলে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকবেন।

























