
ছবির ক্যাপশনঃ
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : ২২ অক্টোবর ২০২৬
নওগাঁর বদলগাছী উপজেলায় বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার রাতের আঁধারে ভাঙচুর করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। ইতিপূর্বেও শহীদ মিনারটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। তবে গত রাতে বাকি দুটি পিলারও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
স্কুল ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত এই শহীদ মিনারটি গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ভাঙচুর করে। সকালে বিষয়টি নজরে আসলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও পুলিশকে বিষয়টি অবহিত করে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকলা রানি জানান, “রাতের আঁধারে কে বা কারা শহীদ মিনারটি ভেঙেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। যারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি এমন ন্যক্কারজনক ও ঘৃণ্য কাজ করেছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। এ ঘটনায় আজ বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।”
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানার উপপরিদর্শক (এসআই) কামরুল। তিনি বলেন, “ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করে ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত চালানো হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে ক্ষুব্ধ স্থানীয় অধিবাসীরা জানান, বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের খেলাধুলার যেন কোনো অসুবিধা না হয়, সেভাবেই পরিপাটি করে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছিল। এটি কোনো আকস্মিক ঘটনা বা দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে এই ভাঙচুর চালানো হয়েছে বলে তাদের ধারণা। এলাকাবাসী ও শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছেন।
























