
ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা বিধান করা হবে। নারীদের কর্মে নিয়োগের জন্য বিশেষ নীতিমালা করা হবে।”
তিনি বলেন, “কর্মক্ষেত্রে নারীরা দৈনিক ৫ ঘণ্টা কাজ করবেন, বিনিময়ে ৮ ঘণ্টার পারিশ্রমিক পাবেন। এর মধ্যে ৫ ঘণ্টার পারিশ্রমিক মালিকপক্ষ এবং বাকি ৩ ঘণ্টার পারিশ্রমিক সরকার প্রদান করবে। যারা ঘরে থেকে পরিবার পরিচালনা করেন, তাদের ‘রত্নগর্ভা মা’ হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে।”
গত শনিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুরের ইসলামী ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডা. শফিকুর রহমান সমর্থক গোষ্ঠী মিরপুর-কাফরুল অঞ্চলের (ঢাকা-১৫ আসন) আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীরে আব্দুর রহমান মুসা। পরিচালনা করেন কাফরুল পশ্চিম থানার ভারপ্রাপ্ত আমীর আতিক হাসান রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। আরও উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহীন, মোঃ শহীদুল্লাহ, জোন টিম সদস্য জসীমউদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কাফরুল জোনের পরিচালক মিজানুর রহমান, শ্রমিক নেতা নেসার উদ্দিন, মিজানুর রহমান, মতিউর রহমান, সাইফুল্লাহ, খন্দকার মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচিত হলে জনগণকে আমার কাছে যেতে হবে না, বরং আমি নিজে এসে জনগণের সমস্যা সমাধান করব। যুব সমাজকে সমাজের আবর্জনা পরিষ্কার করে নৈতিক সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “সুশিক্ষার অভাবে বাংলাদেশ নানা সমস্যায় ভুগছে। আল্লাহ যদি আমাদের সরকার গঠনের সুযোগ দেন, তবে প্রতিটি শিশুকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। কোরআন-সুন্নাহর আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথির বক্তব্যে ডা. ফখরুদ্দিন মানিক বলেন, “দেশটা কারও বাবা বা স্বামীর না। জামায়াত সরকার গঠন করতে পারলে সাম্য, ন্যায় ও মানবিক মর্যাদার ভিত্তিতে দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ।”
সভাপতির বক্তব্যে আব্দুর রহমান মুসা বলেন, “দুর্নীতি, অন্যায় ও অশ্লীলতামুক্ত বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে ডা. শফিকুর রহমানকে বিজয়ী করতে হবে।”
সমাবেশে যোগদানের আগে ডা. শফিকুর রহমান সেনপাড়ার মসজিদুল আকসা জামে মসজিদে মাগরিবের নামাজ এবং মসজিদুর রহমান জামে মসজিদে এশার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “দেশের শান্তি ফিরিয়ে আনতে কোরআন ও সুন্নাহর অনুসরণই একমাত্র পথ। সমাজের সব উন্নয়নমূলক কার্যক্রম মসজিদের তত্ত্বাবধানে হওয়া উচিত।”
তিনি আরও আহ্বান জানান, “দেশ থেকে মন্দকে দূর করে ভালোকে প্রতিষ্ঠা করার জন্য যুবকদের অতীতের মতো ভবিষ্যতেও নেতৃত্ব দিতে হবে। আগামী নির্বাচনে সৎ, আমানতদার ও আল্লাহভীরু শাসক বেছে নিতে হবে।”
শেষে তিনি দোয়া চেয়ে বলেন, “আমার দ্বারা যেন কারও ক্ষতি না হয় এবং আল্লাহর পথে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা যেন আল্লাহ কবুল করেন।”




















