
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১৯ মে ২০২৬
জয়পুরহাট জেলা প্রশাসনের নির্দেশনায় অবৈধ ও অনিয়মিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
গত রবিবার (১৮ মে) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার পেচুলিয়া ও সগুনাচড়া এলাকায় অবস্থিত দুটি ইটভাটায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ইটভাটাগুলোর কাগজপত্র যাচাই করা হয়। পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকা এবং সময়মতো নবায়ন না করার অভিযোগে একটি ইটভাটাকে সতর্কতামূলক ৭০ হাজার টাকা এবং অপর একটি ইটভাটাকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভবিষ্যতে সকল কাগজপত্র যথাসময়ে নবায়ন এবং পরিবেশ ও প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ দূষণ রোধ ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















