
ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধিঃ ৬ জুন ২০২৬, শনিবার
গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মদানকারী বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে জয়পুরহাটের পাঁচবিবিতে ঈদ পুনর্মিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাগজানা ইউনিয়ন বিএনপির আয়োজনে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জনাব মোঃ মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম. এ. ওয়াহাব, সদস্য আলী হাসান মুক্তার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে প্রয়াত ৪০ জন বিএনপি নেতাকর্মীর স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে প্রয়াত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর সম্মাননার ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত নেতাকর্মী ও পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদ রানা প্রধান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের ত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে। বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ বুকে ধারণ করে আগামীর আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি শহীদ ও প্রয়াত নেতাকর্মীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দল সবসময় তাদের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে পাঁচবিবি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

























