
ছবিঃ নওগাঁর বদলগাছীতে মরক্কো জাতীয় ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রার একাংশ
স্টাফ রিপোর্টার, নওগাঁঃ ২১ জুন ২০২৬
নওগাঁর বদলগাছী উপজেলায় মরক্কো জাতীয় ফুটবল দলের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রবাসী আবু হাসানের উদ্যোগে এবং জোলাপাড়া মানবকল্যাণ প্রবাসী ফাউন্ডেশনের আয়োজনে গতকাল শনিবার বিকেলে এ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার জোলাপাড়া মোড় থেকে শুরু হয়ে বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ, শ্রীরামপুর, এনায়েতপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পারসোমবাড়ি বাজারে গিয়ে শেষ হয়।
আয়োজক সূত্রে জানা যায়, শোভাযাত্রায় প্রায় দুই শতাধিক মোটরসাইকেল ও ২০টি ইজিচার্জার অংশ নেয়। এতে কয়েকশ তরুণ, যুবক ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মরক্কো ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন
এ সময় প্রবাসী আবু হাসান বলেন, “মরক্কো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আন্তর্জাতিক ফুটবলে তাদের সাফল্য আমাদের অনুপ্রাণিত করে। মরক্কো দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, যাদের দক্ষতা বিশ্ব ফুটবলে বিশেষভাবে প্রশংসিত। আমরা আশা করি, ভবিষ্যতের বিশ্বকাপগুলোতে মরক্কো আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে।”
বর্ণাঢ্য এ শোভাযাত্রা এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে এ আয়োজন বিশেষ সাড়া ফেলেছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।



























