
ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ আবিদ হাসান, উপজেলা প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ): ২৭ জুন ২০২৬
নওগাঁর ধামইরহাটে বৃদ্ধ মাকে হত্যাচেষ্টার অভিযোগে এক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা আনজুমান আরা (৬৮)-কে তার ছেলে মোঃ আসাদুজ্জামান শামিম (৩৭) হত্যার উদ্দেশ্যে গত ৭ জুন ২০২৬ তারিখে ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে আহত অবস্থায় চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পর ১৪ জুন পুনরায় ওই বৃদ্ধার ওপর হামলা চালানো হয়। এ সময় শামিম ধারালো চাকু দিয়ে তার মায়ের ডান পায়ের রগ কেটে দেয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় ধামইরহাট থানায় মামলা নং-৩১, তারিখ ২৪ জুন ২০২৬, পেনাল কোডের ৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২) ধারায় মামলা রুজু করা হয়।
গত বুধবার (২৫ জুন) রাত প্রায় ৯টার দিকে উপজেলার ৩ নম্বর আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামে নিজ বাড়ির সামনে থেকে এজাহারভুক্ত আসামি মোঃ আসাদুজ্জামান শামিমকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


























