
ছবিঃ সীমান্তের আওয়াজ
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার আওতাধীন ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন আক্কেলপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম পল্টু। পরে পর্যায়ক্রমে পৌরসভার অন্তর্ভুক্ত অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও ফুটবল বিতরণ করা হয়।
এসময় আমিনুল ইসলাম পল্টু বলেন, “খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটে। পাশাপাশি তারা মাদক, মোবাইল আসক্তিসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে পারে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পরিবার ও শিক্ষকদের সচেতন ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইমরান হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফুটবল পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।



























