
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ২০ জুলাই ২০২৬
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়ার ধুনট উপজেলায় ১০ কেজি গাঁজাসহ দুই আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি এলাকার মো. নূর নবী খন্দকার জিকু (৪০) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ এলাকার মো. মিলন মিয়া (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, লালমনিরহাট সীমান্ত থেকে সংগ্রহ করা একটি গাঁজার চালান বগুড়ায় পাচার করা হবে। তথ্যের ভিত্তিতে ধুনট উপজেলার শৌলমারী দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সোহেল রানার বাড়ির সামনে সন্দেহভাজন দুই ব্যক্তির মোটরসাইকেল ও দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের ট্রাভেল ব্যাগ থেকে ৫ কেজি এবং অপরজনের বহন করা বস্তা থেকে আরও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত দুটি বাজাজ পালসার মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে নিয়মিত গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিএনসি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া চালানটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে সরকারের ঘোষিত ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির আওতায় সারা দেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।























