
ছবিঃ সীমান্তের আওয়াজ
বগুড়া প্রতিনিধিঃ ২২ জুলাই ২০২৬
বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আশিক ইকবাল ওরফে সাজু (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, উপজেলার জগন্নাথপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশে শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন আশিক ইকবালকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা একটি খাকি রঙের কাগজের কার্টন থেকে ১৫০টি ব্লিস্টার পাতায় মোট ১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আশিক ইকবাল ওরফে সাজু শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ও ২৬(১) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।























