
ছবিঃ সীমান্তের আওয়াজ
দিনাজপুর প্রতিনিধিঃ ৬ আগস্ট ২০২৬
দিনাজপুরের কাহারোল উপজেলায় অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
দিনাজপুর জেলা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এবং কাহারোল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় গতকাল বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল ইটুয়া গ্রামের কান্তা ইক্ষু ফার্মসংলগ্ন দশমাইল-ঠাকুরগাঁও মহাসড়কে নিয়মিত টহল ও তল্লাশি চালানো হয়।
এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন- ৪৬-৬৬১) থামিয়ে তল্লাশি করলে ভ্যানে থাকা তিনটি বস্তা থেকে মোট ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ এবং ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. শফিকুল ইসলাম (৫২), পিতা: মৃত আব্দুল রশিদ, গ্রামের বাড়ি রানীপুর, থানা চিরিরবন্দর এবং শ্রী রন্ধন চন্দ্র রায় (২৮), পিতা: শ্রী মনমথ চন্দ্র রায়, গ্রামের বাড়ি গড়নুরপুর, থানা কাহারোল। উভয়ের বাড়ি দিনাজপুর জেলায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার দুজন আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবসার আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজার চালান সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক চালানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় অব্যাহত থাকবে।
























