
ছবিঃ সীমান্তের আওয়াজ
শালকী সুপার কোচে স্বামী-স্ত্রী পরিচয়ে ২ হাজার ইয়াবা পাচার, বগুড়ায় দুইজন গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি:
২০ আগস্ট, ২০২৬
বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী শালকী সুপার কোচে স্বামী-স্ত্রী পরিচয়ে যাত্রা করা দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিনাজপুরের কোতয়ালী থানার চেহেলগাজী ইউনিয়নের জীবনপুর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মো. আব্দুল হামিদ (৩৮) এবং বীরগঞ্জ পৌরসভার পুরাতন জেলখানা এলাকার মো. মুসলিম উদ্দিনের মেয়ে মোছা. মৌ (১৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে বাংলাবান্ধাগামী একটি যাত্রীবাহী কোচে মাদকের চালান পাচারের খবর পাওয়া যায়। এর ভিত্তিতে গতকাল (১৯ আগস্ট) বুধবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার ভরিয়া-পাকুরতলা এলাকায় এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঢাকা মেট্রো-ব-১২-৪৫৭৮ নম্বরের শালকী সুপার পরিবহনের কোচটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কোচটির এফ-৩ ও এফ-৪ আসনে বসা দুই যাত্রীকে স্বামী-স্ত্রী পরিচয়ে যাত্রা করতে দেখা যায়। তাঁদের দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি ভ্যানিটি ব্যাগ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিএনসি জানায়, গ্রেপ্তার দুজনের কাছে কোচের টিকিটও ছিল না। প্রাথমিকভাবে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই কোচে যাত্রা করছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের ঘোষিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
























