
জয়পুরহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সংকট নিরসন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চলমান সংকট নিরসন, ব্যাংকের পরিচালনায় একচ্ছত্র সিদ্ধান্তের অবসান এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জয়পুরহাট ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শাখা চত্বরে সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সচেতন গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ ও গ্রাহকরা অংশ নেন। পরে ব্যাংক চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জয়পুরহাট সচেতন গ্রাহক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ারী।
সমাবেশে বক্তব্য দেন সচেতন গ্রাহক মুহাঃ হাসিবুল আলম, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, জালাল উদ্দীনসহ অন্যরা।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট নিরসনে কার্যকর ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে ব্যাংকের পরিচালনায় জবাবদিহি, স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
কর্মসূচি থেকে ইসলামী ব্যাংকের সংকট নিরসন, গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানানো হয়।


























