
ছবির ক্যাপশনঃ
নিজস্ব প্রতিনিধিঃ ১৫ অক্টোবর ২০২৬
নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৮৭২টি পুরোনো বিদেশি কয়েন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কয়েনগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ১৪৩ টাকা। এ ঘটনায় দুজনকে আটক করেছে বিজিবি।
বিজিবির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার মাদাইনগর এলাকা ও ধামইরহাট বাজারে পৃথক অভিযান পরিচালনা করে জয়পুরহাট ২০ বিজিবি। অভিযানে সহযোগিতা করে পত্নীতলা ১৪ বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন পত্নীতলা উপজেলার মাদাইনগর গ্রামের রশিদ মিয়া (৫২) এবং ধামইরহাট উপজেলার বাজার এলাকার রুবেল মিয়া (৫০)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন দেশের পুরোনো কয়েন জব্দ করা হয়। এসব কয়েনের মধ্যে রয়েছে পাকিস্তানের পাঁচ, দশ ও এক পয়সার কয়েন, ভারতের আনা ও পয়সার কয়েন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের কয়েন। এ ছাড়া বাংলাদেশের এক টাকার ৩২টি কয়েন, সিমকার্ডসহ দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
জব্দ করা কয়েনগুলোর মধ্যে ভারতীয় এক-চতুর্থাংশ আনার তামার কয়েন বিশেষভাবে উল্লেখযোগ্য। বিজিবির তথ্য অনুযায়ী, রাজার প্রতিকৃতিযুক্ত এ ধরনের ৫৮৭টি কয়েনের আনুমানিক মূল্য ২ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৫৬৬ টাকা। অন্যদিকে, রানির প্রতিকৃতিযুক্ত ১৪৮টি কয়েনের আনুমানিক মূল্য ৫ লাখ ২৩ হাজার ৪৭৬ টাকা।
জব্দ করা কয়েনসহ আটক ব্যক্তিদের নওগাঁর পত্নীতলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জয়পুরহাট ২০ বিজিবি।
সূত্র: বিজিবির প্রেস বিজ্ঞপ্তি।
























