
ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ রুহুল আমিন পারভেজ, স্টাফ রিপোর্টারঃ ১৯ মে ২০২৬
দেশের তৃণমূল পর্যায় থেকে মেধাবী ক্ষুদে ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে জয়পুরহাটে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৮ মে) দুপুরে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে আয়োজিত এ ফাইনাল খেলাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত খেলায় অংশ নেয় জেলার বিভিন্ন উপজেলার চ্যাম্পিয়ন দলগুলো।
ফাইনালে বালিকা বিভাগে ক্ষেতলাল উপজেলার তেলাবদুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে কালাই উপজেলার শিকটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে বালক বিভাগে পাঁচবিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে কালাই উপজেলার বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জয় করে।
জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসমিন নাহার এবং সরকার মোহাম্মদ রায়হান।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।





















