
ছবির ক্যাপশনঃ
মিজানুর রহমান (বগুড়া): ২৬ সেপ্টেম্বর ২০২৬
তরুনদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউনিয়নের খেলোয়াড়দের নিয়ে ‘মরহুম ডাঃ মহিউদ্দিন ও মরহুম খোদাবক্স মণ্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬- এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে এক উৎসবমুখর পরিবেশে এই নিলাম পর্ব অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ঘোষিত ক্রীড়ামুখী উদ্যোগের ধারাবাহিকতায় এবং স্থানীয় পর্যায়ে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জননেতা মীর শাহে আলমের নির্দেশনায় এবং মাহবুব আলম মানিকের পরিচালনায় এ আয়োজন করা হয়।
নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা যুবদলের আহবায়ক রাসেল মাহমুদ সবুজ। এছাড়া ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান নয়ন মন্ডলসহ টুর্নামেন্ট আয়োজক কমিটি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং একটি সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলাই এই টুর্নামেন্টের অন্যতম প্রধান উদ্দেশ্য।
নিলাম পর্বকে কেন্দ্র করে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ আরও বহুগুণ বৃদ্ধি পাবে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড়েরা নিজেদের মেধা বিকাশের দারুণ সুযোগ পাবে।
আয়োজকরা আরও উল্লেখ করেন, ফুটবল কেবল একটি প্রতিযোগিতামূলক খেলা নয়, এটি তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব, পরিশ্রম, ধৈর্য এবং পারস্পরিক সম্মানবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি খেলাধুলা সামাজিক বন্ধন ও সম্প্রীতি জোরদার করতেও কার্যকর অবদান রাখে।



























