
ছবির ক্যাপশনঃ
প্রতিবেদক, মোঃ দেলোয়ার হোসেন বাবু, ক্ষেতলাল জয়পুরহাটঃ ১৩ অক্টোবর ২০২৬
জয়পুরহাটের ক্ষেতলালে নগদ চার লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে এক গৃহবধূ উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ৭ অক্টোবর উপজেলার রোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। তবে তাঁর সঙ্গে ওই ব্যক্তির চলে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আরিফুর ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, রোয়াইর গ্রামের মো. আব্দুল ছবুর মুন্সির (৩৫) সঙ্গে প্রায় ১৭ বছর আগে রোখছানার বিয়ে হয়। তাঁদের সংসারে ১৫ বছর বয়সী এক মেয়ে ও আট বছর বয়সী এক ছেলে রয়েছে। জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে আব্দুল ছবুর মালয়েশিয়ায় যান। এরপর স্ত্রী রোখছানা দুই সন্তানকে নিয়ে বাড়িতে থাকতেন।
গত ৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে আব্দুল ছবুরের বাড়িতে গিয়ে রোখছানাকে পাওয়া যায়নি। সন্তানদের কাছে জানতে চাইলে তারা জানায়, সকাল ১০টার পর থেকে তাদের মা বাড়িতে নেই। পরে আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
মালয়েশিয়ায় অবস্থানরত স্বামী আব্দুল ছবুরকে জানানো হলে বাড়িতে রাখা নগদ চার লাখ টাকা ও আনুমানিক তিন ভরি স্বর্ণালংকারের খোঁজ করা হয়। পরে সেগুলো পাওয়া যায়নি। নগদ টাকা ও স্বর্ণালংকার মিলিয়ে প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে রোখছানা আরিফুর ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে চলে গেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে আরিফুর ইসলাম বলেন, “আমার ঘরে স্ত্রী-সন্তান রয়েছে। আমি কেন তাঁকে নিয়ে পালিয়ে যাব? আল্লাহর কসম, আমি তাঁকে নিয়ে কোথাও যাইনি। আমাকে অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে। ওই নারীর সঙ্গে কিছুদিনের পরিচয় ও সম্পর্ক ছিল। তার মানে এই নয় যে আমি তাঁকে নিয়ে পালিয়ে যাব। আমি নিজের বাড়িতেই আছি।























